ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যে ঢাকার ধানমণ্ডিতে বিএনপি নেতা আব্দুল মান্নানের বাড়িতে হামলা হয়েছে। এ জন্য সরকার সমর্থক ছাত্রলীগকে দায়ী করেছেন তিনি।
ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, সকাল ১০টার দিকে ধানমণ্ডি ১ নম্বর সড়কে তার বাড়িতে হামলা হয়।
সাবেক মন্ত্রী মান্নান বলেন, "সকাল ১০টার দিকে আমি বাসার সামনে দাঁড়িয়ে ছিলাম। ওই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাসার সামনে দিয়ে যাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসার দরজা-জানালার কাঁচ ভেঙেছে।"
হামলাকারীদের কয়েকজন বাড়ির ভেতরে ঢুকে একটি গাড়িও ভাংচুর করে বলে অভিযোগ করেন তিনি।
মান্নানের অভিযোগ, পুলিশের সামনে হামলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
পুলিশ এরপর কাজী মাসুম হোসেন নামে মান্নানের এক আত্মীয়কে ওই বাড়ি থেকে আটক করে। এনিয়ে পুলিশের সঙ্গে মান্নানের বাগবিতণ্ডা হলে পুলিশ তাকে ছেড়ে দেয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মান্নান তার বাড়ির সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় কতিপয় ছাত্ররা তার বাসায় হামলা করে।"
পুলিশের সংখ্যা কম থাকায় হামলাকারীদের আটক করা যায়নি বলে দাবি করেন তিনি।
আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
হরতালে বিভিন্ন স্থানেই বিএনপির মিছিলে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসআই/আরএ/এমআই/১১৪৫ ঘ.
bdnews24