নাটোর, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে পিটুনির পর একজনের মৃত্যু হয়েছে। বিএনপি দাবি করেছে তিনি তাদের কর্মী। হামলাকারীরাও স্থানীয়ভাবে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত।
নাটোর শহরের হাফরাস্তা মহল্লায় রোববার সন্ধ্যায় পিটুনিতে নিহতের নাম আবুল কাশেম। ঘটনায় জড়িত সন্দেহে কাশেম হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি হামলাকারীর ভাতিজা।
হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
থানা ও এলাকাবাসী জানায়, আবুল কাশেম শহরের বড়গাছা হাফরাস্তা মহল্লায় বাস করতেন। সন্ধ্যা ৬টায় প্রতিবেশি আবুল হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি আবুল হোসেনকে চড় থাপ্পড় মারেন। এ সময় স্থানীয়রা তাদের আপোষ নিষ্পত্তি করে দেন।
এর আধঘণ্টা পর আবুল কাশেম হাফরাস্তায় শেফা ক্লিনিকের সামনে যান। সেখানে আবুল হোসেন এবং তার এক ভাই ও ভাতিজা কাশেমকে মারধর শুরু করেন।
চারতলা ভবনের দুই থেকে চতুর্থ তলা জুড়ে শেফা ক্লিনিক। ভবনের নিচতলায় থাকা ফার্মেসি ও এ সড়কের মোড়ের চায়ের দোকানের কর্মীরাসহ প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তারা জানান, ওই তিনজন কাশেমকে লাথি-ঘুষি মারতে মারতে নাটোর-রাজশাহী সড়কে ফেলে দেন। পরে আশপাশের লোকজন মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেয়।
হাসপাতালে নেওয়ার পরপরই কাশেম মারা যান।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ৮টায় জেলা বিএনপি নেতারা হাফরাস্তা মহল্লায় বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি আবুল কাশেমকে বিএনপি'র কর্মী দাবি করেন।
নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম জানান, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫০ ঘ.
bdnews24