ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কলকাতা রুটে নিয়মিত ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স।
বর্তমানে জিএমজি এয়ারলাইন্স চট্টগ্রাম-কলকাতা রুটে প্রতিদিন ১টি ফ্লাইট পরিচালনা করছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে এয়ারলাইন্সটি এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করত।
পাশাপাশি জিএমজি এয়ারলাইন্স ঢাকা-কলকাতা রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করছে।
জিএমজি এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহাব সাত্তার বলেন, "চট্টগ্রাম-কলকাতা রুটে আকাশ পথে যোগাযোগের বর্ধিত চাহিদার কথা চিন্তা করে জিএমজি এয়ারলাইন্স ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করেছে।"
বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী বেক্সিমকোর মালিকানাধীন জিএমজি এয়ারলাইন্স ১৯৯৮ সালের ৬ এপ্রিল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করলেও ২০০৪ এর ৬ এপ্রিল চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রা শুরু হয় জিএমজি'র।
বর্তমানে আটটি আন্তর্জাতিক ও পাঁচটি অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ২৩৪টি ফ্লাইট পরিচালনা করছে এই এয়ারলাইন্স।
তিনটি কানাডিয়ান বম্বার্ডিয়ার ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ও কলকাতা রুটে ফ্লাইট চালাচ্ছে জিএমজি। এছাড়া দুটি বোয়িং ৭৬৭-৩০০ এবং তিনটি ম্যাকডোনেল ডগলাস উড়োজাহাজ আঞ্চলিক রুটে চলাচল করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/কেএমএস/২২৫৭ ঘ.
bdnews24