মৌলভীবাজার, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জে দুবাইফেরত এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম সেলিম মিয়া (২০)। শনিবার রাতে দক্ষিণ বালিগাঁও এলাকায় বাড়ির কাছেই তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে কমলগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সেলিম মিয়া দক্ষিণ বালিগাঁও গ্রামের আনিস মিয়ার ছেলে। তিনি গত অগাস্টে দুবাই থেকে দেশে ফেরেন বলে তার মা হেনা বেগম জানিয়েছেন।
হেনা বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবেশী ফিরোজের ছেলে মামুনের কাছে পাওনা দেড়শ টাকা আনতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে সেলিম বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে জানায়, সেলিম খুন হয়েছে।"
ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফিরোজ মিয়া (৫৫) ও তার ছেলে জামাল মিয়াকে (২২) আটক করা হয়েছে। তবে মামুন পালিয়ে গেছে।
সেলিমকে গলা কেটে হত্যা করা হয় জানিয়ে ওসি বলেন, তার বামহাতেও ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24