নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার নারায়ণগঞ্জের অতিরক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক আলী আকবর এ নির্দেশ দেন।
আওয়ামী লীগের এই নেতা সকালে জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হয়েছিলেন।
আদালত কারাগারে পাঠানোর পাশাপাশি শামীম ওসমানের সুচিকিৎসার ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
সকাল ১০টার দিকে ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির হন শামীম।
এ সময় আদালতে শামীম ওসমানের আইনজীবীরা জানান, তিনি অসুস্থ। কাঠগড়ায় দাঁড়াতে পারবেন না। আদালত এই আবেদন অগ্রাহ্য করে শামীম ওসমানকে কাঠগড়ায় দাঁড়ানোর নির্দেশ দেন।
জামিন আবেদনে শামীম ওসমানের আইনজীবী আনিসুর রহমান দিপু আদালতে বলেন, "শামীম ওসমান অসুস্থ। তিনি হৃদরোগ ও কিডনি সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন। তার চিকিৎসা প্রয়োজন। তাই তার জামিনের আবেদন জানাচ্ছি।"
জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান আসাদ বলেন, "অসুস্থতার জন্য মানবিক দিক বিবেচনা করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।"
এদিকে শামীম ওসমানের আত্মসমর্পণের খবরে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় জমায়। এ সময় আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তথ্য গোপন ও কর ফাঁকি এবং নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দেওয়ায় দায়ে শামীম ওসমানকে ১১ বছর কারাদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24