২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি

ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের কয়েকশ' গ্রামবাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৌকাযোগে ধলেশ্বরী নদীতে সন্ত্রাসীদের ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় আলীরটেক, গোগনগর, কুড়েরটেক গ্রামরে ৭/৮শ' নারী পুরুষ মাথায় কাফনের কাপড় বেঁধে, লাঠিসোটা, দা বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা নৌকায় উঠে ধাওয়া করলে ড্রেজারে থাকা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর গোগনগর পুরাতন বাজারে আব্দুল গফুর রাজার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শহীদুল্লাহ পাটোয়ারী, হাসমত আলী মোল্লা, সালাম মাতবর, জয়নাল মাতবর প্রমুখ এলাকাবাসী। সমাবেশে বক্তারা বলেন, নদীবেষ্টিত বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের গ্রামগুলো মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। গত কয়েকমাস ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। ফলে নদীর তীরের গ্রামগুলো দিন দিন ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করায় সন্ত্রাসীরা নিরীহ গ্রামবাসীকে হত্যার হুমকি দিচ্ছে। তারা অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। এ ব্যাপারে আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি বলেন, তিনি একাধিকবার বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান বলেন, এখন পরিস্থিতি শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গত ৫ জানুয়ারি বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গ্রামবাসী জেলা প্রশাসক বরাবার স্মারকলিপি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.