২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা রোধে আইন মানতে হবে: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনা রোধে আইন মানার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনা রোধে আইন মানার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার মহানগর নাট্যমঞ্চে 'নিরাপদ সড়ক চাই'-এর জাতীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন। সড়ক নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে পর্যাপ্ত আইন দেশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, "সড়ক দুর্ঘটনা রোধে আইন ভাঙার সংস্কৃতি দূর করে আইন মানার সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে।" "চালকের দক্ষতা ও প্রশিক্ষণ বিবেচনা করে লাইসেন্স দেওয়া এবং গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ আইনানুযায়ী সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করলে সড়ক দুর্ঘটনা অনেক কমবে," বলেন তিনি। মন্ত্রী জানান, সংশ্লিষ্টরা সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা রোধে জাতীয় সড়ক নীতিমালা করার প্রস্তাব দিলে সরকার তা বাস্তবায়নে পদক্ষেপ নেবে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের সদস্যকে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে ছয় লাখ টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এবং দৈনিক ডেসটিনির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সরকারকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন 'নিরাপদ সড়ক চাই'-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বক্তব্য দেন সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিএ'র চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রিপ-২ প্রকল্পের পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/পিডি/১৭৩১ ঘ.