২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপা ভাইরাস আক্রান্ত আরো দুজনের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় নিপা ভাইরাস আক্রান্ত আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৬ এ দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 06:41 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

লালমনিরহাট, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় নিপা ভাইরাস আক্রান্ত আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৬ এ দাঁড়িয়েছে। হাতীবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুজ্জামান শনিবার সাংবাদিকদের কাছে নিপা ভাইরাসে একটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দক্ষিণ গড্ডিমারী গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে স্বর্ণা (৪) শুক্রবার রাতে মারা যান। একই রাতে গড্ডিমারী গ্রামে আলম (১৬) নামে এক জনের মৃত্যুর খবর স্থানীয়রা জানিয়েছে। তবে তার মৃত্যুর কারণ নিপা ভাইরাস কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তদন্ত দলের প্রধান সুবোধ কুমার কুণ্ডু রংপুর হাসপাতালে হামিদুর রহমান নামে এক জনের মৃত্যুর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। গত সপ্তাহের শুরুতে হাতীবান্ধায় জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। এতে কয়েকজনের মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে শুক্রবার আইইডিসিআর জানায়, এ জ্বরের কারণ নিপা ভাইরাস। আইইডিসিআর বৃহস্পতিবার পর্যন্ত ২২ জন আক্রান্ত এবং তার মধ্যে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলো। তবে স্থানীয়দের হিসেবে, এই সময়ে জ্বরে মৃত্যুর সংখ্যা ২১। নিপা ভাইরাস ছোঁয়াচে হওয়ায় সংক্রমণ রোধে লালমনিরহাটের হাতীবান্ধায় সব প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। চিকিৎসকরা জানান, নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেজুরের রস সংগ্রহ করা হয়। আর বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়াতে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ। তাই সংক্রমণ এড়াতে খেজুরের রস না খাওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআইএইচ/এমআই/১৭২০ ঘ.