লালমনিরহাট, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিপা ভাইরাস সংক্রমণ রোধে লালমনিরহাটের হাতীবান্ধায় সব প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার উপজেলা শিক্ষা কমিটির এ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু এ কথা সাংবাদিকদের জানান।
সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
গত সপ্তাহের শুরুতে হাতীবান্ধায় জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। এতে কয়েকজনের মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে শুক্রবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, এ জ্বরের কারণ নিপা ভাইরাস।
নিপা ভাইরাস সংক্রমণে হাতীবান্ধায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। আক্রান্তের সংখ্যা ২২।
বাংলাদেশে সর্বপ্রথম নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ে ২০০১ সালে। ওই সময় থেকে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৫২ জনের মধ্যে ১১৩ জনেরই মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানান, নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেজুরের রস সংগ্রহ করা হয়। আর বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়।
সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়াতে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ।
তাই সংক্রমণ এড়াতে খেজুরের রস না খাওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৬ ঘ.
bdnews24