বাগেরহাট, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরে বৃহস্পতিবার রাতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে আহত আরো একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে মারা যান হাফিজুর রহমান (২৫)। এ নিয়ে নিহতের সংখ্যা হলো পাঁচ।
বৃহস্পতিবার রাতে গ্রামীণফোনের পরিবেশক বিভা এন্টারপ্রাইজে ডাকাতি করে পালানোর সময় জনতার পিটুনিতে চারজনের মৃত্যু হয়েছিল। একজন ছিলেন হাসপাতালে চিকিৎসাধীন।
ডাকাতদের পিটুনিতে বিভা এন্টারপ্রাইজের অন্যতম মালিক মনিরুজ্জামান মনি (৫২) আহত হন বলেও পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাট সদর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের শালতলা এলাকায় সমবায় ভবনের দ্বিতীয় তলায় বিভা এন্টারপ্রাইজে ডাকাতরা হানা দেয়। তারা প্রায় ২৫ লাখ টাকা লুট করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা গণপিটুনির শিকার হয়। রাত ১১টার দিকে পুলিশ ওই ভবনের দোতালার সিঁড়ি এবং বিভা এন্টারপ্রাইজের অফিসের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন।
ডাকাতি হওয়া অর্থ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বাগেরহাট সদর হাসপাতালের ডা. বিদ্যুৎ কান্তি পাল শুক্রবার রাতে বলেন, চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ২০ মিনিটে বাগেরহাট সদর হাসপাতালে হাফিজুর রহমান মারা যান।
বিভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শেখ আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালের পর থেকেই তাদের কর্মীরা দিনের বিক্রি থেকে পাওয়া টাকা এনে জমা দিচ্ছিলেন। ক্যাশে তখন প্রায় ২৫ লাখ টাকা জমা ছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ ছয়জন সশস্ত্র যুবক তাদের কার্যালয়ে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে কর্মীদের জিম্মি করে। প্রতিষ্ঠানের অন্যতম মালিক মনিরুজ্জামান বাধা দিলে তাকে পিটিয়ে জখম করে ডাকাতরা।
এ ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি মামলা হয়েছে ডাকাতির ঘটনায় এবং অপরটি হয়েছে অস্ত্র আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24