২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় উপচে পড়া ভীড়, উচ্ছ্বাস

বাংলা একাডেমীর বইমেলায় ঢোকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের সামনে মানুষের সারি। সবাই সামনের দিকে এগুচ্ছে। কিন্তু সারি আর ফুরায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীর বইমেলায় ঢোকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের সামনে মানুষের সারি। সবাই সামনের দিকে এগুচ্ছে। কিন্তু সারি আর ফুরায় না। কারণ, সারির পেছনে সারাক্ষণই যোগ দিচ্ছে মানুষ। মেলার প্রবেশমুখে হকারদের ঢাক-ঢোল আর বেলুন বিক্রেতাকে ঘিরে ধরা শিশুদের কলকাকলি। অন্যদিকে আবৃত্তি পরিষদের স্টল থেকে ভেসে আসছিল সুললিত কন্ঠের আবৃত্তি। শুক্রবার ছুটির দিনে বাংলা একাডেমী প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে। উপচে পড়া মানুষের ভিড়ে মিশে ছিলো উচ্ছ্বাস। দর্শণার্থীরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছেন। কিনেছেন নিজেদের পছন্দের বই। বইমেলা শুরু হওয়ার পর শুক্রবার ছিলো প্রথম সাপ্তাহিক ছুটির দিন। বইপ্রেমীদের ভীড়ে প্রাণ প্রাচুর্যে ভরে উঠে লেখক-পাঠকের এই মিলনমেলা। 'লেখক আড্ডা'য় বসেছিলেন মিরপুর থেকে আগত জয়ীতা আহমেদ। তিনি স্বামী-সন্তানসহ মেলায় এসেছেন। মেলা প্রাঙ্গন না ঘুরে লেখক আড্ডায় কেন জানতে চাইলে জয়িতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলাপ্রাঙ্গণে যা ভিড় তা থেকে একটু স্বস্তি পেতে এখানে এসে বসেছি। শুধু লেখক আড্ডাই নয়, মিডিয়া সেন্টারসহ মেলা প্রাঙ্গণে যেখানে খালি জায়গা পেয়েছেন সেখানেই বসে বা দাঁড়িয়ে স্বস্তি পেতে চেয়েছেন দর্শণার্থীরা।" অন্যান্য দিন বইমেলায় দর্শণার্থীরা ঘুরেছেন বেশি, কিনছেন কম- এ ধরনের অভিযোগ পাওয়া যায়। কিন্তু শুক্রবার চিত্র ছিলো ভিন্ন। বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে দিব্যপ্রকাশ-এর বিপনন ব্যবস্থাপক খায়রুল হাসান সাজু বলেন, "দর্শণার্থী উপস্থিতি দেখেই বোঝা যায় বিক্রি হচ্ছে।" "দর্শণার্থী বাড়ছে, বিক্রি আরো বাড়বে", বলেন তিনি। এদিকে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। আর এ সুযোগে রাজধানীর নগরজীবনে বন্দি শিশুরা যেন ফিরে পেয়েছিল একটু হাফ ছেড়ে বাঁচার সময়। বাবা-মা, ভাই-বোনের হাত ধরে বই মেলায় এসে শিশুরা অনেক আনন্দ নিয়েই ঘরে ফিরেছে। বই কিনেছে নিজেদের পছন্দ মতো। এছাড়া সকাল ১১টায় একাডেমী প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি শাখায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক-শাখায় ৪০৭ জন, খ-শাখায় ২৮৯ জন ও গ-শাখায় ৮৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিন আরো ১৪২টি নতুন বই মেলায় এসেছে। মেলার নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করা হয়েছে ১১টি নতুন বইয়ের। শুক্রবার বাংলা একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আসা বইয়ের মধ্যে উপন্যাস ২৪টি, কবিতা ২৩টি, প্রবন্ধ ১৯টি, গল্প ১৪টি, ছড়া ৭টি, শিশুসাহিত্য ৬টি এবং জীবনী ও স্মৃতিচারণ ৫টি। এর মধ্যে রয়েছে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবন্ধগ্রন্থ 'সবুজ মাঠ পেরিয়ে', বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধগ্রন্থ 'কতমূল্য লইবে ইহার', খান ব্রাদার্স থেকে প্রকাশিত আহমদ ছফা'র 'নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ', কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত হুমায়ুন আহমেদের উপন্যাস 'একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি' ও সুমন্ত আসলামের রম্যগ্রন্থ 'ঘর জামাই এম বি বি এস', সূচীপত্র থেকে প্রকাশিত ড. মীজানুর রহমান শেলীর নিবন্ধগ্রন্থ 'চলমান কাল', পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের 'ভূতের বাচ্চা কটকটি' ও সুমন্ত আসলামের 'বাউন্ডুলে ১০'। মোড়ক উন্মোচন করা বইয়ের মধ্যে রয়েছে- কাজী মাহমুদুর রহমানের 'সম্পাদকের বাতিল কবিতা'। বইটির মোড়ক উন্মোচন করেছেন কবি আসাদ চৌধুরী। এটি প্রকাশ করেছে সিঁড়ি প্রকাশন। তাহিরাতুজ জোহরার দি গ্লিটারিং স্টার্স বইটিরও মোড়ক উন্মোচন করেছেন কবি আসাদ চৌধুরী। নজরুল ইসলাম বাবুর 'ফেরারী স্বপ্ন' বইটির মোড়ক উন্মোচন করেছেন লেখক নিজে। এটি প্রকাশ করেছে সাহিত্যদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৩১ঘ.