২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

ফরিদপুরের ভাঙ্গায় ব্রাহ্মণবাড়িয়ার নবনির্বাচিত সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়ি বহরে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হন দুইজন। তবে উবায়দুল মোকতাদির অক্ষত রয়েছেন। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ফরিদপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গায় ব্রাহ্মণবাড়িয়ার নবনির্বাচিত সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়ি বহর দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হন দুইজন। তবে উবায়দুল মোকতাদির অক্ষত রয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে ভাঙ্গার তাড়াইলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগকর্মী শান্ত, লিয়েন, রায়হান, আরিফুল, মোর্শেদ, রোমেল, রিয়াদ, রিয়াদ কাজী ও আসিফ। অপর দু'জনের নাম জানা যায়নি। আহত পাভেল ও আলমগীরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের ডা. স্বপন কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের অবস্থা খুবই খারাপ। তাদের মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত হয়েছে। এ অবস্থায় ঢাকা পাঠানোও বিপজ্জনক বলে জানান তিনি। ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সুব্রত কুমার হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে ঢাকা-খুলানা মহাসড়কের তাড়াইলে বিপরীতমুখী একটি ট্যাঙ্কলড়ির সঙ্গে সংঘর্ষে মোকতাদিরের গাড়ি বহরের একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন, হাসপাতালে নেওয়ার পথে চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। ফরিদপুরের জেলা প্রশাসক হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদ উবায়দুল মোকতাদির অক্ষত রয়েছেন। লাশ বাড়ি পাঠানোর তদারকি এবং আহতদের দেখতে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। গত ২৭ জানুয়ারি উপ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.