নাটোর, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ায় শাকিল আহম্মেদ (২৩) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।
শাকিল নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার হেলাল মুন্সীর ছেলে।
শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় নাটোর সদর থানায় হত্যা মামলা হয়েছে।
নাটোর থানা পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে শহরের উত্তর পটুয়াপাড়ার বিএডিসির নার্সারির একটি গাছ থেকে শাকিলের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, লাশটি এক খণ্ড কাপড় দিয়ে ঝুলানো ছিলো। শরীরে আঘাত চিহ্ন রয়েছে। লাশের অদূরে মাদুর বিছিয়ে তাস খেলার আলামত পাওয়া গেছে।
শাকিলের চাচাতো ভাই মনির হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে দুই যুবক শাকিলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তাদের ধারণা ওই যুবকরা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।
এ ঘটনায় শাকিলের বাবা হেলাল মুন্সী বাদি হয়ে একই এলাকার জীবন, রুবেল ও শাহীনসহ ছয়জনের বিরুদ্ধে নাটোর থানায় হত্যা মামলা করেছে।
নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, অভিযুক্তরা শাকিলকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24