চাঁদপুর, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাকের এক কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে চাঁদপুরে। পুলিশের ধারণা, দুর্ঘটনাই তার মৃত্যুর কারণ। তবে নিহতের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড।
সাইফুল ইসলাম মিয়ার (৩০) লাশ শুক্রবার সকাল ৭টায় সদর উপজেলার ফিসারি গেইট এলাকায় রাস্তা থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সাইফুলের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরণ্ডী এলাকায়। তিনি ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা টোরামুন্সিরহাটের ব্র্যাক কার্যালয়ে ১৩ মাস ধরে হিসাবরক্ষক পদে কাজ করছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতের কোনো সময়ে সাইফুল সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারেন।
তবে সাইফুলের বাবা মো. সিরাজুল ইসলাম মিয়া সাংবাদিকদের বলেন, তার সন্তানকে দুর্বৃত্তরা খুন করেছে।
তিনি বলেন, "রাতে সাইফুল বাড়ি ফিরতে দেরি করায় আমরা বিভিন্ন স্থানে তার খোঁজ করি। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়।"
পুলিশ কর্মকর্তা কিবরিয়া জানান, সাইফুলের মুখমণ্ডলে দুটি কাটা দাগসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে কিবরিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১০ ঘ.
bdnews24