ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে আরো ৭৭টি নতুন বই এসেছে। আর বাংলা একাডেমীর নজরুল মঞ্চে আটটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা একাডেমীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বইয়ের মধ্যে রয়েছে প্রবন্ধ ও কবিতা ২৬টি, গল্পের বই ১২টি, উপন্যাস ৭টি, রাজনীতির ৫টি এবং শিশুসাহিত্য ও জীবনীগ্রন্থ ৬টি।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- প্রবন্ধগ্রন্থ আহমদ শরীফের বাঙলা ভাষা-সংস্কার আন্দোলন ও বাঙালীর চিন্তাচেতনার বিবর্তন ধারা (আগামী প্রকাশনী), ড. বদিউল আলম মজুমদারের দারিদ্র্য-সংলাপ মানবিকীকরণের লক্ষ্যে (আগামী), ডা. অরূপ রতন চৌধুরীর উপন্যাস সুন্দর দাঁতে সুন্দর হাসি (আগামী), বিচারপতি হাবিবুর রহমানের প্রবন্ধগ্রন্থ মাতৃভাষার পক্ষে রবীন্দ্রনাথ (অনুপম প্রকাশনী), সুমন্ত আসলামের শিশুতোষ গল্পের বই ভূতবন্ধু (অনুপম), আব্দুল মান্নান সৈয়দের প্রবন্ধগ্রন্থ কালো সূর্যের নীচে বহ্ন্যুৎসব (শুদ্ধসর প্রকাশনী) এবং হরিশংকর জলদাসের উপন্যাস কসবি (শুদ্ধসর)।
মোড়ক উন্মোচন করা বইয়ের মধ্যে আছে প্রয়াত লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদকে নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ 'হুমায়ুন আজাদ : আমার বাবা'। লিখেছেন তার মেয়ে মৌলি আজাদ। এর মোড়ক উন্মোচন করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
ডা. অরূপ রতন চৌধুরীর 'সুন্দর দাঁতে সুন্দর হাসি'র মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ।
এ ছাড়া রয়েছে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের 'সুখ-দুঃখের গল্প'। বইটি প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২২০ ঘ.
bdnews24