২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে সরকার সমর্থকদের সংঘর্ষ

নারায়ণগঞ্জের কাঁচপুরে সরকার সমর্থক দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের কাঁচপুরে সরকার সমর্থক দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শীতলক্ষ্যা নদীর তীরে সেতুর নিচে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সংঘর্ষের সময় বালু ব্যবসা প্রতিষ্ঠানের নয়টি গদিঘর ভাংচুর করা হয়। কাঁচপুর সেতুর নিচে ও আশপাশে নদীতীরের জায়গায় পাথর ও বালু ব্যবসা করে আসছে প্রভাবশালীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টারের ভাইপো মনির হোসেন ও তার লোকজন অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছিলো। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত আসামি, পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর হোসেনের নেতৃত্বে একটি দল ওই জায়গার দখল নিতে যায়। খবর পেয়ে মনিরের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষে আহতদের মধ্যে সোহেল, মানিক, সোলায়ামানকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে ব্যবসায়ী নাজমুল জানান, নূর হোসেন ও তার লোকজন তাদের বালু ও পাথর ব্যবসা বন্ধ করে দেয়। তারা ট্রলার থেকে বালু নামানো এবং ট্রাকে তুলতেও বাধা দেয়। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান নূর হোসেন জানান, তাজ জুট মিলের ভিতরে অবৈধভাবে পাথরের গদি বসিয়ে মনিরের লোকজন ব্যবসা করে আসছিলো। তাজ জুট মিলের সাবেক শ্রমিকদের জন্য টাকা চাইতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীতীরের জায়গা দখল করে গড়ে তোলা সব স্থাপনাই অবৈধ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.