২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এক মামলায় ৩ হাজার আসামি মানবাধিকার লঙ্ঘন'

একটি ঘটনার পর তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশকে অসীম ক্ষমতা দেওয়ার কোনো 'মানে নেই' বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ঘটনার পর তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশকে অসীম ক্ষমতা দেওয়ার কোনো 'মানে নেই' বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, "এতে মানবাধিকার লঙ্ঘন হয়।" বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি একটি মামলার জন্য হরতাল করা ঠিক নয় মন্তব্য করে তিনি বলেছেন, "গণতান্ত্রিক দাবি আদায়ে গণতান্ত্রিকভাবেই আন্দোলন করতে হবে।" প্রচলিত আইন দিয়ে পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান হচ্ছে না উল্লেখ করে একটি স্বাধীন 'পরিবেশ কমিশন' প্রতিষ্ঠারও প্রস্তাব করেন অধ্যাপক মিজানুর। তিনি বলেন, "পরিবেশ কমিশন থাকলে আড়িয়ল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের প্রভাব নিয়ে পরামর্শ দিতে পারতো।" মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ নিয়ে সোমবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর ২১ হাজার লোককে আসমি করে মোট চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩ হাজার লোককে আসামি করা হয়। এর প্রতিবাদে বিএনপি আগামী ৭ ফেব্র"য়ারি হরতাল ডেকেছে। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে 'বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের পরিবেশ আইন ও আদালত সংস্কার ভাবনা' শীর্ষক ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। অন্যদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত সর্বদলীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক শাহ আলম, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৮১৯ ঘ.