২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৪০

সিরাজগঞ্জ সরকারি কলেজে সরকার সমর্থক ছাত্রলীগ এবং বিরোধী দল সমর্থক ছাত্রদলের সংঘর্ষে অন্তত ৪০ জান আহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সরকারি কলেজে সরকার সমর্থক ছাত্রলীগ এবং বিরোধী দল সমর্থক ছাত্রদলের সংঘর্ষে অন্তত ৪০ জান আহত হয়েছে। কলেজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই সংঘাত বাঁধে বলে শিক্ষার্থীরা জানায়। পুলিশ বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩২ রাউন্ড রাবার বুলেট ও ২৬ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি সমর্থক সংগঠন ছাত্রদলের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিলন খান রঞ্জু এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক নিবিড় হোসেনের নেতৃত্বে সংগঠনটির একদল নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করে। এ নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই সংঘর্ষ বেঁধে যায়। কলেজ অধ্যক্ষ ড. এস আই এম এ আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে ছাত্রদলের কায়েকজন নেতাকর্মী তার সঙ্গে কথা বলতে আসে। এ সময় তারা ছোট একটি বিষয়ে উত্তেজিত হয়ে উঠলে ছাত্রলীগের কয়েকজন কর্মী ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন খান রঞ্জু ও কলেজ ছাত্রদলের আহবায়ক নিবিড় হোসেনকে তার কক্ষে আটকে রাখে। খবর পেয়ে ছাত্রদলের কর্মীরা এসে রঞ্জুকে নিয়ে যায়। এ সময় ছাত্রলীগের কর্মীরা কলেজে জড়ো হয়ে ছাত্রদলের কর্মীদের ধাওয়া করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সিরাজগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) দেলোয়ার হোসেন সাঈদী সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে শহরের আলিয়া মাদ্রাসা সড়ক ও ইবি রোড সকাল ১১টা থেকে প্রায় দুই ঘন্টা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মধ্যে কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) রাশেদ ইউসুফ জুয়েল, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, নাসিম রেজা দীপু, আরাফাত রহমান হীরক, রব্বানী, বাদল, আশিক, সোহেল, খোকা, কালাম, বকুল, সালমান, টারজান, লিমন, রাজু ও ছাত্রদলের যুগ্ন আহবায়ক মুরাদ, ছাত্রদলকর্র্মী সাদ্দাম, রাকেশ, জীবন, মুসা, পাপ্পু, সাপু, আলিম, শুভ, জহুরুল, রোকন, তুষার, তন্ময়, রায়হান, সজিব, উজ্জল, চঞ্চল ও ওমর ফারুকের পরিচয় জানাতে পেরেছে পুলিশ। এদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এসপি জানান, কলেজের পরিস্থিতি বতর্মান স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রঞ্জু ও নিবিড় অধ্যক্ষকে লাঞ্ছিত করায় তাদের আটকে রাখা হয়। এ খবর পেয়ে ছাত্রদলের বিপুল সংখ্যক কর্মী সশন্ত্র অবস্থায় কলেজে ঢুকে রঞ্জুকে মুক্ত করে নিয়ে যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ বলেন, সকালে রঞ্জু ও নিবিড়কে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীরা মারধর করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে তাদের ছাড়ানোর জন্য বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এলএন/এমআই/এমএসবি/১৭৩৯ ঘ.