২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহের হত্যা পরিকল্পনা ছিল জিয়ার: লিফশুজ

জিয়াউর রহমানের পরিকল্পনা অনুসারেই সামরিক আদালতে বিচারের মাধ্যমে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝোলানো হয় বলে আদালতকে জানিয়েছেন ওই সময় বাংলাদেশ থেকে বহিষ্কৃত সাংবাদিক লরেন্স লিফশুজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আইন স্বীকৃত সব মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার লংঘন করে রাষ্ট্রীয় অপরাধের মাধ্যমে তাহেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল বলে মত দিয়েছেন ওই বিচার চলাকালে বাংলাদেশ থেকে বহিস্কৃত সাংবাদিক লরেন্স লিফশুজ। তিনি জানান, আদালত গঠনের পূর্বেই জিয়া এই মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার বিষয়ে পরিকল্পনা করে রেখেছিলেন। পরে গোপন সামরিক আদালতের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়। তাহেরের গোপন বিচারের বৈধতা নিয়ে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউর এই সাংবাদিকের বক্তব্য শুনতে চাওয়ার পর লিফশুজ ই-মেইলের মাধ্যমে তার এই বক্তব্য পাঠান। তার এই বক্তব্য বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই সময় লিফশুজকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়। সেই গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাহেরের স্ত্রী ও ভাই গত বছরের ২৩ অগাস্ট একটি রিট আবেদন করলে বিষয়টি আবার আলোচনায় উঠে আসে। এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিফশুজ গতকাল (বুধবার) তার বক্তব্য ই-মেইলের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসাল জেনারেলের কার্যালয়েও এফিডেভিটকৃত বক্তব্যের একটি কপি জমা দেওয়া হয়েছে।" আদালতে উপস্থপিত ওই বক্তব্যে লিফশুজ বলেন, ১৯৭৬ সালে গোপন বিচারে তাহেরের মৃত্যুদণ্ডাদেশ কেবল ন্যায় বিচারেরই পরিপন্থী ছিল না, এটি ছিল রাষ্ট্র কর্তৃক সংগঠিত একটি অপরাধ। আধুনিক যুগে জার্মানি, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকাসহ পৃথিবীর বহু দেশ এ ধরনের অপরাধের প্রতিবিধান করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন বাংলাদেশে সুপ্রিম কোর্টকেই তাহের হত্যার প্রতিবিধান করতে হবে। তাহেরের বিচার প্রক্রিয়ার অস্বচ্ছতা তুলে ধরে লিফশুজ বলেন, বিচারিক আদালতের পরিবর্তে সেই বিচার অনুষ্ঠিত হয়েছিল গোপনে, কারাগারে। ওই বিচারের কোনো আইনী ভিত্তিও ছিল না। জনরোষের ভয়ে গণমাধ্যমকে এই বিচার প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছিল। সাংবাদিকরা হুমকি ও বহিষ্কারের শিকার হয়েছিলেন। বিচার শুরুর দিনের বর্ননা গিয়ে তিনি বলেন, "১৯৭৬ সালের ২৮ জুন গোপন আদালতে তাহের ও তার সঙ্গীদের তথাকথিত বিচার শুরুর দিন সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে পৌঁছে দেখি- সেনা সদস্যরা যুদ্ধসাজে কারাগারের চারপাশ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে। কারাগারের দেয়াল বরাবর বাইরের দিকে তাক করে বসানো হয়েছে মেশিনগান। কর্নেল ইউসুফ হায়দারকে প্রধান করে গঠিত ওই আদলতকে 'ক্যাঙ্গারু কোর্ট' বললেই সঠিক কি-না, এই প্রশ্ন রেখে লিফশুজ বলেন, বাংলাদেশের সংবিধানের আলোকে, সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারের আলোকে এর ব্যাখ্যা হওয়া প্রয়োজন। লিফশুজ বলেছেন, তিনি জিয়াউর রহমানের একটি সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন। কিন্তু জিয়া তাতে রাজি হননি। পরে জিয়ার সম্মতিতে লিখিত প্রশ্ন পাঠালেও তাতে তাহেরের বিচার সম্পর্কিত প্রশ্ন থাকায় উত্তর মেলেনি। ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউয়ের তৎকালীন এই দক্ষিণ এশিয়া প্রতিনিধি জানান, ১৯৭৬ সালের জুনের শুরুতে ঢাকায় পৌঁছেই তিনি সেনাবাহিনীর তৎকালীন চিফ অব স্টাফ জেনারেল মো. মঞ্জুরের সঙ্গে যোগাযোগ করেন। "মঞ্জুর আমাকে বলে, সেনাবাহিনীতে মুুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কর্মকর্তারা জিয়াকে তাহেরের বিচার থেকে নিবৃত্ত করতে চেষ্টা করেছে। তবে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সেনাবাহিনীর ভিতরে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে," লিফশুজ বলেন। তিনি বলেন, "তাহেরকে বিচারের মুখোমুখি করা নিয়ে মঞ্জুর সে সময় মোটামুটি নিশ্চিত থাকলেও তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হতে পারে- এমন আশঙ্কার কথা তিনি তখন বলেননি। "বিচারের কয়েক মাস পর মঞ্জুর আমাকে জানিয়েছিলেন, এ বিচার ঠেকাতে তিনি চেষ্টা করেছিলেন। তবে সেনাবাহিনীর তৃতীয় পদাধিকারী ব্যাক্তি হয়েও এ বিচার ঠেকানোর কোনো শক্তি তার ছিলো না। "মঞ্জুর নিশ্চিতভাবেই জানতেন, বিচার শুরু হওয়ার আগেই মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন জিয়া," যোগ করেন এই সাংবাদিক। ওই সময়ে জিয়ার ঘনিষ্ঠ দুই সামরিক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছিলেন বলে লিফশুজ জানান। তাহেরকে যে প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়- তাকে 'বিচার' বলা যেতে পারে কি-না, এ প্রশ্ন রেখে তিনি বলেন, "যদি তাহেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার সিদ্ধান্ত বিশেষ সামরিক আদালত গঠনের আগেই নেওয়া হয়ে থাকে, তাহলে এটা (বিচার) কেবল ওই উদ্দেশ্য বাস্তবায়নের প্রাণঘাতি প্রক্রিয়া হিসাবেই ব্যবহৃত হয়েছে।" ঘটনা এ রকমই হয়ে থাকলে ওই বিচারের জন্য গঠিত আদালতকে নতুন নাম দেওয়া প্রয়োজন মন্তব্য করে লিফশুজ বলেন, "আমি বিশ্বাস করি, ওই দণ্ডাদেশ দেওয়ার বিষয়টি ট্রাইব্যুনাল গঠনের পূর্বেই নির্ধারণ করে রাখা হয়েছিল।" গত ২০ জানুয়ারি হাইকোর্ট লিফশুজকে আদালতে উপস্থিত হওয়ার অনুরোধ জানায়। এরপর রাষ্ট্রপক্ষ তার সঙ্গে ইমেইলে যোগাযোগ করলে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করেন। এরপর আদালত ওই বিচার সম্পর্কে একটি লিখিত বক্তব্য পাঠাতে লিফশুজকে অনুরোধ জানানোর জন্য এমকে রহমানকে নির্দেশ দেয়। এর আগে তাহেরের বিচারের বৈধতা নিয়ে রিট আবেদনের পর সেই গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট। একইসঙ্গে ওই বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০০২৯ ঘ.