২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারের গলাকাটা লাশের পরিচয় মিলেছে

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে উদ্ধারকৃত গলাকাটা লাশের পরিচয় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে উদ্ধারকৃত গলাকাটা লাশের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ সনাক্ত করেন চান মিয়া নামের এক ব্যক্তি। তিনি জানান, লাশটি তার ছেলে মো. অপুর (২২)। রোববার দিবাগত রাত ২টার দিকে কারওয়ান বাজারের হাতিরঝিল মৎস আরত সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলার মেঝেতে চটের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় অপুর লাশ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার বিকালে বন্ধুরা ফোন করে অপুকে তেজগাঁওয়ের ১৩৯, মনিপুরী পাড়ার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি।" দুই ভাই এক বোনের মধ্যে অপু দ্বিতীয়। গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরে। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনরা থানায় এসেছেন। এদিকে, ২৭ জানুয়ারি অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ। তার লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে রয়েছে। এই যুবকের আনুমানিক বয়স ২৭। এছাড়া ৩০ জানুয়ারি ডেমরায় বালুর নিচ থেকে উদ্ধার হওয়া গলিত অজ্ঞাত যুবকের লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে রয়েছে। এই যুবকের আনুমানিক বয়স ৩০। এখনও পর্যন্ত দুটি লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১৪২ ঘ.