২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের গোপন বিচার আরো চারজনের সাজা অবৈধ নয় কেন: হাইকোর্ট

গোপন বিচারে কর্নেল তাহেরের সঙ্গে সাজা পাওয়া আরো চারজনের বিচার, দণ্ড ও চাকরিচ্যুতি কেন অবৈধ নয়- জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপন বিচারে কর্নেল তাহেরের সঙ্গে সাজা পাওয়া আরো চারজনের বিচার, দণ্ড ও চাকরিচ্যুতি কেন অবৈধ নয়- জানতে চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। তাহেরের সঙ্গে সাজা পাওয়া ওই চারজন হলেন- অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, হাবিলদার আব্দুল হাই মজুমদার, কর্পোরাল শামসুল হক ও আব্দুল মজিদ। আদালত একই সঙ্গে গোপন সামরিক আদালত গঠন কেন অবৈধ নয়- তাও জানতে চেয়েছে। ওই বিচারের প্রতিবিধান ও হারানো সম্মান ফিরে পাওয়ার দাবিতে গত সোমবার অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, হাবিলদার আব্দুল হাই মজুমদার, কর্পোরাল শামসুল হক একটি রিট এবং মঙ্গলবার কর্পোরাল আব্দুল মজিদ অপর একটি রিট করেন। এ দুই রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহদীন মালিক। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারটি রিট আবেদনের রায় একত্রে দেওয়া হবে।" ওই বিচার চলাকালীন সময়ে বাংলাদেশ থেকে বহিস্কৃত মার্কিন সাংবাদিক লরেন্স লিফৎসুলজের বক্তব্য আগামীকাল আদালতে এফিডেভিটের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব হতে পারে বলে জানান তিনি। গত ২৫ জানুয়ারি জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সহ-সভাপতি রবিউল আলম সামরিক আদালতের বিচার অবৈধ ঘোষণা এবং হারানো সামাজিক সম্মান ফিরে পাওয়ার দাবিতে একটি রিট আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আবেদনকারীদের বিচার ও দণ্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না- সরকারের কাছে তার কারণ জানতে চায় হাইকোর্ট। একইসঙ্গে ওই বিশেষ আদালত গঠন, বিচারক নিয়োগ, বিচার কেন অবৈধ ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোর রাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে প্রথম রিট আবেদনটি করেন। তাদের আবেদনের পর হাইকোর্ট সেই গোপন বিচারের নথি তলব করে। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৩৭ ঘ.