ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর মিরপুর, পল্লবী ও পল্টনে তিনটি যাত্রিবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে সংঘর্ষ ও পুলিশের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে মুন্সীগঞ্জ আওয়ামী লীগ নেতা মামলা করেন। এর পরই বাসে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে।
ওই আওয়ামী লীগ নেতা মুন্সীগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটরও।
রাজধানীতে যাত্রিবাহী বাসে আগুন দেওয়ার প্রথম ঘটনাটি ঘটে বিকালে মিরপুর ১ নম্বর সেকশনে। সেখানে কয়েকজন যুবক বাসে আগুন দেয়।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
সবিকাল সাড়ে ৫টার দিকে পল্লবীর মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চয়েজ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে কয়েকজন যুবক উঠে তাতে আগুন লাগিয়ে দেয়। অবশ্য দমকল বিভাগ এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।"
এর আগে সাড়ে ৪টার দিকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল থেকে আনন্দ ভবনের কাছে একটি বাস ভাঙচুরের পর তাতে আগুন দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে যায়।
পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
বাসে আগুনের ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ।
এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বুধবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/কেটি/এমআই/এএল/পিডি/২০০৩ ঘ.
bdnews24