মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় এক নারী ও তার স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে পাইকপাড়ার বেউরাপাড়া গ্রামে নিজেদের ঘরে বিছানায় অন্তঃসত্ত্বা কাঞ্চনী রানী শীলের ৩২) লাশ পাওয়া যায়। তার স্বামী সুদেব দাসকে (৪০) ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করে।
টঙ্গীবাড়ি থানার ওসি আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘরে খাটের মধ্যে কাঞ্চনীর লাশ পড়ে ছিলো। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। খাটের উপরেই ঝুলছিলো তার স্বামীর লাশ।"
সুদেবের বাড়ি সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি শ্বশুরালয়েই থাকতেন। তিনি পাশের বেতকা বাজারে দর্জির দোকানে কাজ করতেন।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, পারিবারিক ঝগড়া থেকে সুদেব স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেন বলে ধারণা করছি।
সুদেব-কাঞ্চলী দম্পতির চারটি কন্যা সন্তান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24