নওগাঁ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামইরহাট উপজেলায় শুক্রবার ভোরে ভূমিহীনদের ঘরবাড়িতে আগুন দিয়ে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
ভারতীয় সীমান্তের আলমপুর ইউনিয়নের জোতওসমান গ্রামে এই হামলায় অন্তত আটজন আহত হয়েছে। ঘরহারা ভূমিহীনরা খোলা আকাশের নিচে বাস করছে।
লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন আমেনা, ফজলুর রহমান, রবিউল রহমান, লুৎফর রহমান, আব্দুর রহমান, খাইরুল ইসলাম, জিয়াউল হক ও শাহজাহান আলী।
এরমধ্যে আমেনাকে (৪০) ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ও গ্রামবাসীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাস চারেক আগে ভূমিহীন আইয়ুব আলী, ফজলুর রহমান, রবিউল ইসলাম, লুৎফর রহমান, আব্দুর রহমান, খাইরুল ইসলাম, জিয়াউল হক ও শাহজাহান আলী গ্রামের একটি পুকুর পাড়ে খাস জমিতে বসবাস শুরু করেন। এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তির অনুমতি নিয়ে তারা ওখানে আটটি বসতঘর নির্মাণ করেন।
কিন্তু শুক্রবার ভোরে একই গ্রামের ওসমান আলী এলাকার একদল সন্ত্রাসী নিয়ে তাদের উচ্ছেদ করার জন্য অতর্কিতে ভূমিহীনদের ওই ঘরগুােতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় হামলাকারীরা প্রতিটি ঘরের টিনসহ ধান, চাল, হাঁস-মুরগি, হাড়ি-পাতিল, গরু-ছাগল, জামা-কাপড়, নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়, অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক ক্ষোভের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাশেই বিজিবির ক্যাম্প থাকলেও সেখান থেকে কেউ এগিয়ে আসেনি।”
ক্ষতিগ্রস্ত ভূমিহীন সাজাহান আলী, আব্দুর রহমান ও রবিউল ইসলাম জানান, কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা মহিলা ও পুরুষদের ওপর লাঠিসোটা, ফালা-বর্ষা, কুড়াল দিয়ে হামলা চালায়।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত আমেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতর্কিত হামলার পর আমি আমার ছাগল নিয়ে চলে যাবার চেষ্টা করলে লাঠি দিয়ে আমাকে বেদম মারধর করে। আমি মাপিকে পড়ে যাই। ”
শনিবার সন্ধ্যায় ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের বাড়ি থেকে লুট করা কিছু জিনিসপত্র উদ্ধার করে ভূমিহীদের ফেরত দিয়েছে।”
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দেড় বান্ডিল টিন, কিছু চাল ও কয়েকটি হাঁস-মুরগি। তবে লুট হওয়া গরু-ছাগলসহ অন্য মালামাল উদ্ধার করা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ওসি জিয়া জানান, লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২৮ ঘ.
bdnews24