ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরের প্রথম প্রহরে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আটটি ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যা ৭টা থেকেই আটটি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা মাঠে নেমেছে।
তিনি বলেন, “যেহেতু রাত ১১টার পর থেকেই নগরে ভিড় বেড়ে যাবে তাই মূলত কার্য শুরু হবে তখন থেকেই। রোববার ভোর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে।”
রমনা বিভাগে দুটি, গুলশান বিভাগে দুটি, মতিঝিল, ওয়ারি, মিরপুর ও উত্তরা বিভাগে একটি করে ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে জানান তিনি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার বেনজির আহম্মেদ ঢাকাবাসীকে যার যার বাসায় পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে ইংরেজি নববর্ষ উদযাপন করার পরামর্শ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯২৯ ঘ.
bdnews24