ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে দূরপাল্লা ও আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়ানো হয়েছে।
শনিবার বিকালে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ অভ্যন্তরীণ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আইউব উর রহমান সাংবাদিকদের বলেন, প্রতি কিলোমিটারের ভাড়া ১ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৩৫ পয়সা করা হয়েছে। এই ভাড়া সোমবার (২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ‘অনতিবিলম্বে’ ভাড়া বাড়ানো হবে উল্লেখ করে তিনি বলেন, “শহরের মধ্যে চলাচলরত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে সেটা রোধ করতে ভ্রাম্যমাণ আদালত চালু থাকবে।”
সরকার গত বৃহস্পতিবার রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। রাত ১২টা থেকেই তা কার্যকর করা হয়।
এ বছর চার দফায় সব ধরনের জ্বালানি তেলের দাম মোট ১৭ টাকা বাড়িয়েছে সরকার। ফলে পরিবহন ভাড়াও বেড়েছে বারবার।
এর আগে দ্বিতীয় দফা তেলের দাম বাড়ানোর পর গত অক্টোবরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ানো হয় ৫ পয়সা। দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ১৫ পয়সার পরিবর্তে ১ টাকা ২০ পয়সা করা হয়।
গত ১৯ মে ঢাকা ও চট্টগ্রামে বাসে ৭ টাকা এবং মিনি বাসের ক্ষেত্রে সর্বনিু ৫ টাকা ভাড়া নির্ধারণ করে সরকার ।
বৃহস্পতিবার তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসার পর শনিবার বিআরটিএ কার্যালয়ে পরিবহন ভাড়া নির্ধারণের জন্য গঠিত কস্টিং কমিটির বৈঠক হয়। তাতে যে সিদ্ধান্ত আসে তা অনুমোদনের জন্য বিকেলে মন্ত্রী নিজে আবার বৈঠকে বসেন।
বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “ভাড়া নির্ধারণী কমিটি কিলোপ্রতি ২৩ পয়সা বড়ানোর সুপারিশ করেছিল। কিন্তু মন্ত্রীর সঙ্গে আলাপের পর সেটা সবার সম্মিলিত সিদ্ধান্তে ১৫ পয়সা করা হয়।”
“আগামীকাল (রোববার) যোগাযোগ মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশের পর সোমবার থেকে এই ভাড়া কার্যকর হবে,” বলেন তিনি।
দ্বিতল বাসগুলো বর্ধিত ভাড়ার আওতায় পড়বে না বলে জানান আইউব উর রহমান।
ভাড়া পুনর্নিধারণের ক্ষেত্রে জ্বালানি তেলের দামের পাশাপাশি যন্ত্রাংশসহ অন্য ১৬টি বিষয়ও বিবেচনায় রাখা হয় বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আগে বছরে ৩০০ দিন একটি দূরপাল্লার বাস রাস্তায় চলাচল করতে পারতো। এখন সেটাকে বাড়ানো হয়েছে আরো ২০ দিন। আর একটি বাস এর আগে একদিনে সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার চলতে পারার বাধ্যবাধকতা থাকলেও সেটাকে বাড়িয়ে ৪৫০ করা হয়েছে।
তিনি বলেন, “এর ফলে একটি দূরপাল্লার বাস এর আগে বছরে এক লাখ কিলোমিটার চললেও এখন সর্বোচ্চ এক লাখ ২৮ হাজার কিলোমিটার চলবে।”
পরিবহন মালিকদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিআরটিসি চেয়ারম্যান এমএন ইকবাল, সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমএএন ছিদ্দিক, ঢাকা ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন বোর্ডের পরিচালক ড. এস এম সালেহউদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েনন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24