গোপালগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, কোন ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না
শনিবার গোপালগঞ্জে শেখ কামাল স্টেডিয়ামে এক সমাবেশে তিনি বলেন, “বাংলার মানুষ জেগে উঠেছে, কাজেই বাংলার মাটিতে তাদের বিচার হবেই।”
দুপুর ২টায় জনসভায় যোগ দিতে সকাল থেকেই গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলা বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, রাজবাড়ী, শরীয়তপুর ও বাগেরহাট থেকেও মানুষ আসতে থাকে। বিকেল নাগাদ শেখ কামাল স্টেডিয়াম ছাপিয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লোকে-লোকারণ্য হয়ে যায়।
কড়া নিরাপত্তার মধ্যে দুপুর সাড়ে ৩টায় শেখ হাসিনা জনসভার মঞ্চে পৌঁছান।
তিনি বলেন, “বিএনপি ও এর নেত্রী খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে চেয়েও পারেননি। তাদের কোনো অপচেষ্টাই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না।”
বিএনপি-জামায়াত জোট সরকারের বিগত পাঁচ বছরের দুর্নীতি-দুঃশাসনের বিবরণ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আওয়ামী লীগ আমলের রেখে যাওয়া ১০ টাকা চালের দাম ৪০ টাকা করেছে, মূল্যস্ফীতি ১১ ভাগে উন্নীত করেছে।
“আমরা দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছিলাম। তারা সে দেশকেই ৩০ লাখ টন খাদ্যঘাটতির দেশে পরিণত করেছে। দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গীবাদ সৃষ্টি করেছে।”
এর আগে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজ, সদর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ঘোনাপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হরিদাসপুরের ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের সময় গোপালগঞ্জে ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং ভরাট হয়ে যাওয়া মধুমতি খাল খনন করে পানিপ্রবাহ বৃদ্ধি ও নৌচলাচলের পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুদ্ধাপরাধ বিচার ও বিএনপি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিনবছরে গোপালগঞ্জে প্রথম এই জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকার অপারেশন ক্লিহার্ট ও ক্রসফায়ার সৃষ্টি করে হত্যা-গুম-খুন শুরু করেছে।”
“জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। দেশে তিনিই হত্যা ও গুম খুন শুরু করেন। কর্নেল তাহের, হুদা ও মেজর হায়দারসহ হাজার হাজার মুক্তিযোদ্ধা সেনা অফিসার-সৈনিক হত্যার মাধ্যমে মুক্তিযোদ্ধা হত্যার রাজনীতির সূচনা ঘটান তিনি।”
“রাজাকার-আলবদরদের পুনর্বাসনও করেছেন [জিয়াউর রহমান]” উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বিচার শুরু হওয়া ১১ হাজার যুদ্ধাপরাধীকে কারাগার থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। গোলাম আযমসহ নাগরিকত্ব বাতিল হওয়া যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনেছেন।”
ডিজিটাল বাংলাদেশ
হাসিনা বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলাম। এটা আমরা করেছিও।
৪৫০১টি ইউনিয়ন তথ্যকেন্দ্র, ১৭টি ভ্রাম্যমাণ কম্পিউটার ল্যাব এবং বিটিআরসির ল্যাপটপের মাধ্যমে মানুষ ইন্টারনেটের মাধ্যমে সব সেবা পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
হাসিনা বলেন, “তিন বছরে সাড়ে ৪ লাখ যুবকের সরকারি চাকরি এবং কর্মসংস্থান ব্যাংকসহ বেসরকারি খাতে কয়েক লাখ কর্মসংস্থান হয়েছে।”
বিদ্যুৎ ও সড়ক
বিদ্যুৎ খাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন ১৬০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৪৩০০ মেগাওয়াট করেছিলাম। কিন্তু ২০০৯ সালে ক্ষমতায় এসে দেখি সে উৎপাদন ৩২০০ মেগাওয়াটে দাঁড়িয়েছে।
“বিএনপি-জামায়াত জোট পাঁচ বছরে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়ায়নি, বরং কমিয়েছে। এবার আমরা ক্ষমতায় এসে ৪৯টি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে ২৪টির কাজ শেষ হয়েছে, বাকিগুলোর কাজ চলছে। তিন বছরে আমরা ২৯৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি।
সড়ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত রাস্তাাঘাটেরও কোনো উন্নয়ন করেনি। এ কারণে রাস্তা বেহাল। আমরা রাস্তাঘাট মেরামত ও সংস্কারে ১৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। তবে রাতারাতি এ উন্নয়ন সম্ভব নয়। এটা করতে সময় লাগবে।
ব্যানার-ফেস্টুন পতাকা
প্রধানমন্ত্রীর এ জনসভাকে ঘিরে গোপালগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় রঙবেরঙের ব্যানার-ফেস্টুন ও বর্ণিল পতাকায় সাজিয়ে তোলা হয়।
প্রধান প্রধান সড়কে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নামে অসংখ্য তোরণ শোভা পায়।
এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে শেখ হাসিনা প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
পরে সমাধিসৌধ কমপ্লে¬ক্সের পাবলিক প¬াজায় ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং টুঙ্গিপাড়া শেখ মুজিব সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন।
একই অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট নির্মল সেনের হাতে ষ্ট্যান্ডার্ড ব্যাংক প্রদত্ত ৫ লাখ টাকার চেক তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ এই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ও তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেন।
গোপালগঞ্জ জেলা সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমিতির আজীবন সদস্যপদ দেওয়া হয়।
এ সময় শেখ হাসিনা সংবর্ধিত এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০০ শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট, সনদ, মেডেল ও নগদ অর্থ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ দোয়েল বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩৪৮ ঘ.
bdnews24