ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে হত্যা করে পাঁচ তলার ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. ইসমাইল হোসেন সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার। শুক্রবার বিকালে রাজধানীর ২৩০ দক্ষিণ কাফরুলের বাসার ছাদ থেকে তিনি পড়েন।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ইসমাইল বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের সময় বাসায় খবর দিতে গিয়ে দেখেন, তার স্ত্রী দেলোয়ারা বেগম (৩৫) বাসার খাটের নিচে নিথর অবস্থায় পড়ে আছেন।
তাদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, দেলোয়ারা মারা গেছেন।
ইসমইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টায় তার মৃত্যু হয়।
ওসি লতিফ বলেন, “স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ইসমাইল আত্মহত্যা করতে ছাদ থেকে লাফিয়ে পড়েন বলে আলামত দেখে মনে হচ্ছে।”
পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
এই দম্পতির দুটি ছেলে রয়েছে। তার মধ্যে একটি প্রতিবন্ধী বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/০১০৪ ঘ.
bdnews24