ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনে অনেক পদ-পদবি অর্জনের পরও এম হামিদুল্লাহ খান নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতেই পছন্দ করতেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
শুক্রবার দুপুরে যখন বীর প্রতীক হামিদুল্লাহ খান মারা যান, তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভা চলছিলো কৃষক দলের, তাতে ছিলেন বিএনপির অনেক নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যুর খবর ঘোষণা করার সঙ্গে সঙ্গে নীরবতা নেমে আসে সভায়।
তিনি বলেন, “আমাদের নেতা হামিদুল্লাহ খান আর নেই। ভাগ্যের নির্মম পরিহাস ৪৮ ঘণ্টা আগে তিনি যে কথা বলেছিলেন, ৪৮ ঘণ্টা পর সেই তিনিই আমাদের ছেড়ে গেলেন।”
বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ গত বুধবার গুলশানে দলীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বলেছিলেন, “জীবন বাজি রেখে রণাঙ্গনে মেজর জিয়ার সঙ্গে যুদ্ধ করেছি। ম্যাডাম (খালেদা) আজ মনে হচ্ছে, আমরা মুক্তিযোদ্ধারা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি। অনেক মুক্তিযোদ্ধা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।”
গত ১৮ ডিসেম্বর বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে হামিদুল্লাহ খানও ছিলেন। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ায় খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতে বুধবার তার সঙ্গে দেখা করেছিলেন হামিদুল্লাহ। আর ওই সময় খালেদাকে বলা তার কথা শুক্রবারের সভায় তুলে ধরেন ফখরুল।
হামিদুল্লাহ খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল আবু তাহের আহত হওয়ার পর ওই সেক্টরের নেতৃত্বে ছিলেন হামিদুল্লাহ খান।
বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে এ কে খন্দকারের (বর্তমানে পরিকল্পনামন্ত্রী) মতো হামিদুল্লাহও একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে এ কে খন্দকারের পাশাপাশি তিনিও ছিলেন।
ফখরুল বলেন, “এক জন সাদাসিদে ভদ্র মানুষ ছিলেন তিনি (হামিদুল্লাহ)। তিনি গর্ববোধ করতেন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে।”
বিমান বাহিনী থেকে অবসর নিয়ে রাজনীতিতে জড়িয়েছিলেন হামিদুল্লাহ খান। বিভিন্ন সময়ে জনতা ব্যাংক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল রিসার্চ সেন্টারের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০০৭ ঘ.
bdnews24