নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে অপহরণ করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্র্বৃত্তরা।
পরে অপহৃতদের নারায়ণগঞ্জ-নরসিংদী সড়কের ভিন্ন ভিন্ন স্থানে ফেলে পালিয়ে যায় তারা।
শুক্রবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সনিপ এন্টারপ্রাইজের মালিক ওহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে অবস্থিত তার তেল চিনির ব্যবসা প্রতিষ্ঠান সনিপ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক প্রাণতোষ পাঁচ লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব ট্রাকে শহরের নিতাইগঞ্জ যাচ্ছিলেন ভোজ্যতেল আনতে।
পথে জালকুড়ি এলাকায় একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে।
গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাস আরোহী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ম্যানেজার প্রাণতোষ, চিটাগাং রোড এলাকার আরেকটি প্রতিষ্ঠানের কর্মচারী শামীম ও ট্রাক চালক স্বপনকে অপহরণ করে। প্রাণতোষের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
তিনি আরো জানান, এরপর মদনপুর-নরসিংদি সড়কে বন্দর উপজেলার মদনপুর, সোনরগাঁওয়ের মিরেরটেক ও আড়াইহাজারের পাঁচদোনায় একজন একজন করে তাদের ফেলে দিয়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি ফতুল্লা থানা এলাকায় ঘটেছে কিনা তা দেখা হচ্ছে। এই এলাকায় পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.
bdnews24