নাটোর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের তৈরি শক্তিবর্ধক পান করে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক কবিরাজের মৃত্যু হয়েছে। তার পরিবারের অপর সাত সদস্য অসুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার রাতে চকমাহাপুর গ্রামে মৃত এই কবিরাজের নাম আব্দুর রহমান (৫৫)।
অসুস্থ জাহেরা খাতুন (৫০), আলমগীর হোসেন (৩২), পরিজান বেগম (২২), সিরাজুল ইসলাম (২০), হেলেনা বেগম (২০), রফিকুল ইসলাম (১৩) ও আঁখিকে (৮) রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশী শাহীন ইসলাম জানান, আব্দুর রহমান ও তার ছেলে আলমগীর দীর্ঘদিন ধরে গাছ-গাছড়া দিয়ে শক্তিবর্ধক ওষুধ তৈরি ও বিক্রি করে আসছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার পরিবারের সবাই এ শক্তিবর্ধক পান করে অসুস্থ হয়ে পড়ে। তবে এর আগে এটি পান করে তারা অসুস্থ হয়নি বলে এই প্রতিবেশী জানান।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জহুরুল ইসলাম জানান, পেটের ব্যাথা নিয়ে তারা হাসপাতালে এসেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
“বিষক্রিয়ায় তারা অসুস্থ হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা না করে নিশ্চিত কিছু বলা যাবে না,” বলেন ডা. জহুরুল ইসলাম।
বাগাতিপাড়া থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, “আমরা লোকমুখে ঘটনার কথা শুনে একজন দারোগাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24