২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুন হত্যা মামলায় একজন গ্রেপ্তার

পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমানের ভাগ্নে ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা মামুনুর রশিদকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমানের ভাগ্নে ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা মামুনুর রশিদকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে মেরুল বাড্ডা এলাকা থেকে শহিদুল্লাহ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেরুল বাড্ডা আনন্দনগর সমাজকল্যাণ অফিসের সামনে মামুনকে বোমা মেরে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামুনের বাবা নূর মোহাম্মদ বৃহস্পতিবার রাতে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এতে শহিদুল্লাহর নাম উল্লেখ করা হয় ১২ নম্বরে। নিহতের ভাই সুমনের অভিযোগ, ড্রেজিং ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীর ও আলমগীর নামে দুই ভাই লোক লাগিয়ে মামুনকে হত্যা করেছে। শুক্রবার জুমার নামাজের পর পটুখালীর কলাপাড়ার সোনাতোলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মামুনকে। নিহত মামুন আওয়ামী সেচ্ছাসেবক লীগের মেরুল বাড্ডা এক নম্বর ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে ট্রাফিক পুলিশকে মারধর, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭০৮ ঘ.