২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল-সমাবেশ সিপিবিরও

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করা এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখার আহ্বান জানিয়ে মহাজোটের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 07:46 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করা এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখার আহ্বান জানিয়ে মহাজোটের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি)। বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাজোটের সমাবেশ হলেও সিপিবি সমাবেশ করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। মহাজোটের মতোই আগামী ৭ জানুয়ারি জেলা সদর এবং ১১ জানুয়ারি সব উপজেলা সদরে মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার বিষয়ে এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই ইস্যুতে যুগপৎ কর্মসূচি পালনের বিষয়ে একমত হন সিপিবি নেতারা। সিপিবি সভাপতি সমাবেশে বলেন, “জামায়াত এবং সা¤প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধের সমস্ত অর্জন নস্যাৎ করতে বেপরোয়া হয়ে উঠেছে। গোপন ও সশস্ত্র জঙ্গিদের সঙ্গে একজোট হয়ে তারা সন্ত্রাস ও অন্তর্ঘাত চালাচ্ছে। প্রকাশ্য ও গোপনে তাদের নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।” এই প্রসঙ্গে তিনি গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় পুলিশের ওপর জামায়াতের ‘কমান্ডো স্টাইলে’ হামলার বিষয়টি তুলে ধরেন। সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “যুদ্ধাপরাধের বিচার আজ জাতীয় দাবি। কিন্তু সরকার এই বিচারের প্রশ্নে নানা দোদুল্যমানতা দেখাচ্ছে।” সমাবেশে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শামসুজ্জামান সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, ফজলুর রহমান, মাহবুব আলম, মন্টু ঘোষ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৩৪২ ঘ.