ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফরাসি ড. প্যাসকেল ভিলনেভ।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করে প্যাসকেল তার পরিচয়পত্র পেশ করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনিসেফের নিরবচ্ছিন্ন সহযোগিতার পুনরাবৃত্তি করেন।
শিশুদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে ইউনিসেফের সহযোগিতা কামনা করে নতুন আবাসিক প্রতিনিধির উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিগত চার দশকের যৌথ অংশীদারিত্বকে নতুন দিকে নিয়ে যেতে বাংলাদেশ ও ইউনিসেফ কৌশলগত সহযোগী হিসেবে কাজ করবে।”
এছাড়া নতুন আবাসিক প্রতিনিধি শিশু পুষ্টি, সম্পদের সহজলভ্যতা এবং নগর অঞ্চলের পথশিশু ও গৃহহীন শিশুদের রক্ষার মত গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিশেষ জোর দেবেন বলে আশা প্রকাশ করেন দীপু মনি।
প্রায় ২৪ বছর ধরে বিশ্বজুড়ে শিশু ও নারী উন্নয়ন কাজের সঙ্গে জড়িত প্যাসকেল ১৯৮৫ সালে ফ্রান্সের রেনিস স্কুল অব মেডিসিন থেকে মেডিসিনে এবং ১৯৮৪ সালে লন্ডনের স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে মানব পুষ্টি বিষয়ে øাতকোত্তর (এমএসসি) ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশে আসার আগে প্যারিসে ইউনিসেফ সদর দপ্তরে কর্মসূচি বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন প্যাসকেল। এছাড়া সংস্থাটির নিউ ইয়র্ক সদর দপ্তরের স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে ২০০৩ থেকে ২০০৬ মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮৭ সালে যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর ব্রাজাভিলে সহকারী কর্মসূচি কর্মকর্তা হিসেবে ইউনিসেফে যোগদানের মধ্য দিয়ে চাকরি জীবন শুরু এই ফরাসির।
বাংলাদেশে যোগদানের আগে ক্যামেরুন ও মালিতে ইউনিসেফের আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন প্যাসকেল। মধ্য আফ্রিকার দেশ মালি ও নাইজারে লিগ অব রেডক্রস সোসাইটির পুষ্টি উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসএসজেড/আরআরডি/০০২৩ ঘ.
bdnews24