ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্লট বরাদ্দের ক্ষেত্রে প্রতারণার অভিযোগে বসুন্ধরা চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের (শাহ আলম) বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আরো দুটি মামলা হয়েছে।
ইস্ট-ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দুটি হয়েছে। এতে আসামি করা হয়েছে আরো চার জনকে।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার টেক্সটাইলস মিলস লিমিটেডের পরিচালক শাহ ফতেউল্লাহ ও আশরাফুল আলম। অন্য মামলাটি করেছেন একই এলাকার জালাল আহম্মেদ স্পিনিং মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ।
মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বাদিদের জবানবন্দি নিয়ে বাড্ডা থানার ওসিকে অভিযোগ তদন্ত করে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বলে বাদি পক্ষের আইনজীবী হাবিবুর রহমান শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, ইস্টওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মাহবুব মোর্শেদ হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম, পরিচালক সাদাত সোবহান এবং সহকারী মহা-ব্যবস্থাপক (এস্টেট) এম এ হাসান।
দুটি মামলার এজাহারে বলা হয়, বাদিরা ২০০৭ সালের ১৫ আগস্ট থেকে ২০০৮ সালের ২৫ ফেব্র“য়ারি পর্যন্ত বসুন্ধরা-বারিধারা প্রকল্পের প্লট কেনার জন্য ২ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ২৮৬ টাকা দেন। কিন্তু বিবাদিরা তাদের কাছ থেকে ঘোষণা ও হিসাবের বাইরে অতিরিক্ত আরো দুই কোটি টাকা দাবি করে।
“চলতি বছরের ৩০ অক্টোবর আসামিরা অতিরিক্ত টাকা না দিলে প্লট বরাদ্দ দিতে অস্বীকার করে। তার টাকা ফেরত দিতেও অস্বীকার করে,” বলা হয় এজাহারে।
গত মঙ্গলবার একই অভিযোগে সেলিম আহমেদ নামের এক ব্যক্তি আহমেদ আকবর সোবহানসহ পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এছাড়া গত সপ্তাহেও শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেন মালদোভা হাই-কমিশনের সাবেক অনারারি কনসাল শাহজাহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/এমআই/১৩১৬ ঘ.
bdnews24