২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাল সোহেল টুকুসহ ৮৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

গত ১৮ ডিসেম্বরে ঢাকায় বোমাবাজি ও গাড়ি পোড়ানোর দিনের তিনটি মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৮৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১৮ ডিসেম্বরে ঢাকায় বোমাবাজি ও গাড়ি পোড়ানোর দিনের তিনটি মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৮৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পল্টন, মতিঝিল, শাহবাগ থানার পুলিশ আলাদাভাবে তিনটি অভিযোগপত্র দাখিল করে বলে আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তার কার্যালয়ের নিবন্ধন খাতায় দেখা যায়। তবে তা বিচারক কর্তৃক এখনো গৃহীত হয়নি। এই মামলাগুলো গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের দায়ের করা। পল্টন থানার মামলার তদন্ত কর্মকর্তা হচ্ছেন উপপরিদর্শক মোক্তার হোসেন। এই মামলার বাদি হচ্ছেন উপ পরিদর্শক মো. মহসীন উদ্দিন। এই মামলায় আলাল, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি টুকুসহ ৫৬ জন আসামি। অভিযোগপত্রে আলাল, টুকু, নিরব, সোহেলসহ ১৫ জনকে পলাতক দেখানো হযেছে। শাহবাগ থানার মামলায় অভিযোগপত্রে মিজানুর রহমান মিজানসহ ২৭ জন আসামি। এই মামলার বাদি হচ্ছেন- উপপরিদর্শক হীরেন্দ্র নাথ প্রামানিক। আর তদন্ত কর্মকর্তা হচ্ছেন উপপরিদর্শক নাসিরউদ্দিন। মতিঝিল থানার মামলার অভিযোগপত্রে বিএনপি নেতা আতিকুর রহমান বাদশাসহ ছয় জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছেন উপপরিদর্শক নাজির উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১৫১ ঘ.