আল ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেনারেল হাসপাতালের জন্য দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি প্রায় চার বছর ধরে অযত্ন-অবহেলায় নষ্ট হতে চলেছে।
বরাদ্দের পর থেকেই ব্যবহার না হওয়ায় এটি সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে পড়ে থাকায় শ্যাওলা পড়েছে। সিটসহ ভেতরের অন্য আসবাবপত্রও নষ্ট হয়ে যাচ্ছে।
মূল্যবান এই অ্যাম্বুলেন্স সচল বা রক্ষণাবেক্ষণ করার কোনো উদ্যোগও নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
২০০৭ সালে চাঁদপুর জেলার চরাঞ্চলবাসীর চিকিৎসা সুবিধার্থে ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকার নৌ-অ্যাম্বুলেন্সটি জেনারেল হাসপাতালের জন্য বরাদ্দ দেয়।
চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মেঘনা নদী তীরবর্তী চরাঞ্চলবাসীর কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিলো এর উদ্দেশ্য।
চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. স্বপন কুমার বর্ধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮৮ লাখ টাকা মূল্যের এ নৌ-অ্যাম্বুলেন্সটি লোকবলের অভাবে ব্যবহার করা যাচ্ছে না। বরাদ্দ দেওয়ার সময় এর জন্য চালক নিয়োগেরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
“তাছাড়া এটি রক্ষণাবেক্ষণ বা স্থানান্তর করতে যে লোকবলের প্রয়োজন তাও এখানে দেওয়া হয়নি, তাই এটি অযতœ-অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে,” বলেন স্বপন কুমার।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুল মতিন পাটোয়ারী বলেন, এটি যখন এ হাসপাতালের কাছে হস্তান্তর করা হয় তখন অনেক কিছুই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়নি।
“এটা নিয়ে লিখে আর কী হবে, আমাদের কাঁধে এটা (নৌ-অ্যাম্বুলেন্স) দিয়ে বিপদে ফেলা হয়েছে।”
আব্দুল মতিন আরো জানান, অকটেনচালিত এ নৌ-অ্যাম্বুলেন্সটি নদীতে এক ঘণ্টা চালাতে অন্তত ১৫ হাজার টাকা লাগবে। চরের লোকজন স্বল্প খরচে ট্রলারযোগে যাতায়াত করে থাকে। তাদের পক্ষে ১৫ হাজার টাকা দিয়ে নৌ-অ্যাম্বুলেন্স ভাড়া করা সম্ভব নয়।
এলাকাবাসী আব্দুস সোবহান বলেন, নৌ-অ্যাম্বুলেন্সটি অযতœ-অবহেলায় পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। এতে চরাঞ্চলবাসী বা সাধারণ লোকজনের উপকার না হলেও সরকারি সম্পদ তো নষ্ট হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯০০ ঘ.
bdnews24