নরসিংদী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার নরসিংদীর প্রধান বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন মোন্তাজ। দুপুরে কোনো এক সময়ে তার বিষয়ে শুনানি করবে আদালত।
গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এজাহারে মোন্তাজের নাম রয়েছে ৪ নম্বরে।
শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ নরসিংদীর মেয়রের শূন্য পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে স্বাক্ষরে অমিল থাকায় গত মঙ্গলবার তা বাতিল করে নির্বাচন কমিশন।
লোকমান হত্যায় জড়িত সন্দেহে এর আগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২১০ ঘ.
bdnews24