২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যবই বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের ১৫ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বৃহস্পতিবার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের ১৫ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বৃহস্পতিবার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে গণভবনে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিক, এবতেদায়ী, কারিগরি, দাখিল ও মাধ্যমিক স্তরের ২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হবে। আর ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সারাদেশে উদযাপন করা হবে ‘পাঠ্যপুস্তক উৎসব’। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন ও প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা পর্যায়ে ৯৯ শতাংশ বই পৌঁছেছে। শুক্রবারের মধ্যে অবশিষ্ট বই পৌঁছে যাবে দাবি করে তিনি বলেন, “১ ডিসেম্বর সকাল ১০টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবং বেলা ১২টায় মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।” এছাড়া সারদেশেই স্থানীয় প্রশাসন ও জনপ্রনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে বলে জানান তিনি। ২০১২ শিক্ষাবর্ষের সব স্তরের ৩ কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ শিক্ষার্থীর জন্য ২২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৮৩টি বই বিনামূল্যে বিতরণ করবে সরকার। এর মধ্যে প্রাথমিক স্তরে ১০ কোটি ৩৫ লাখ, মাধ্যমিকে ৮ কোটি ৩১ লাখ, এবতেদায়ী স্তরে ১ কোটি ৫৮ লাখ, দাখিল ও দাখিল ভোকেশনালে ১ কোটি ৬৬ লাখ এবং এসএসসি ভোকেশনালের জন্য ১৮ লাখ ২১ হাজার কপি বই বিতরণ করা হবে। নতুন শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা এবং ৮ম শ্রেণীর সাহিত্যকণিকা বই চার রঙে ছাপানো হয়েছে বলে জানান এনসিটিবি চেয়ারম্যান। চলতি ২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৩ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৩২১ শিক্ষার্থীর মধ্যে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি বই বিনামূল্যে বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০১০ ঘ.