বরিশাল, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুরের ব্যবসায়ী হত্যার জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৩/৪শ’ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে মামলাটি করেন কুড়ালিয়া বাজার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন খান।
সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা কুড়ালিয়া বাজারের মুদি ব্যবসায়ী স্বপন সমাদ্দারকে বাজারের অদূরে পুলিশ ক্যাম্পের সামনে ফেলে যায়। মঙ্গলবার ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত বলে জানানো হয়। এরপরই এলাকাবাসী পুলিশ ফাঁড়ি আক্রমাণ করে।
উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিরউদ্দিন বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে সশস্ত্র হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এদিকে একইদিন স্বপন সমদ্দার হত্যার ঘটনায় তার ভাই তপন সমদ্দার বাদী হয়েও একটি মামলা করেন।
ওই মামলায় অমল ম-ল ও শ্যালক দুলাল রায়সহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার অমল ম-লকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে এসআই নাসিরউদ্দিন জানান, অমলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হবে।
উপজেলার জল্লার ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ গ্রামবাসী বিরুদ্ধে পুলিশের মামলা করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রেপ্তার এড়াতে গ্রামগুলো এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে।
বুধবার কুড়লিয়া, পানবাড়ি, সাহেবের হাট, কারফা, বাহেরঘাট বাজারের দোকানপাট বন্ধ করে হত্যাকা-ের প্রতিবাদ করেছে ব্যবসায়ীরা। এছাড়া সকালে কুড়লিয়া থেকে প্রায় ৪ কিলোমিটার পথে মৌন মিছিল করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী।
মৌন মিছিল শেষে এক শোকসভায় বক্তব্য রাখেন কুড়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ রায়, সুমন সিকদার, সাবেক ইউপি সদস্য সুভাষ ডাক্তার, নিরোদ জয়ধর প্রমুখ।
কুড়ালিয়া বাজারের মুদি ব্যবসায়ী স্বপন সমাদ্দার রাতে দোকানে ঘুমাতেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে বাজারের অদূরে পুলিশ ক্যাম্পের সামনে ফেলে যায়। পরদিন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত বলে জানানো হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, পুলিশ ক্যাম্পের পাশে তাকে ফেলে রাখা হলেও পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পে আক্রমণ করে। এ সময় ক্যাম্পে অবস্থানকারী পুলিশ সদস্যরা ভয় পেয়ে অস্ত্র ও জানমাল রক্ষায় শর্ট গান থেকে ২১ রাউন্ড গুলি করে। এতে তিন জন গুলিবিদ্ধ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩২ ঘ.
bdnews24