ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে ব্যাংকক এবং সিলেট-দুবাই-লন্ডন রুট অলাভজনক হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে বলে সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে বেসামরিক বিমান মন্ত্রণালয়।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ বিমানকে লাভজনক করার জন্য বিভিন্ন রুটে ফ্লাইট বৃদ্ধি, নতুন বিমান অন্তর্ভুক্তি ও যাত্রীসেবার মান বৃদ্ধিসহ বিমানের এয়ারবাসগুলোর আধুনিকায়নের সুপারিশ করা হয়।
চট্টগ্রাম-ব্যাংকক রুট বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বিজিএমইএ ও চট্টগ্রাম চেম্বার।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালুর সুপারিশ করা হয়।
বিমানবন্দরে যাত্রীদের মালামাল স্ক্যানিং প্রক্রিয়া সহজ করা এবং স্ক্যানারে স্বাস্থ্যগত ঝুঁকি থাকায় আণবিক শক্তি কমিশন ও পরিবেশ অধিদপ্তর থেকে সনদ নিয়ে এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
কক্সবাজার বিমানবন্দর স¤প্রসারণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া এবং রানওয়ে স¤প্রসারণের কাজ চলছে বলে বৈঠকে জানানো হয়।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন ।
কমিটির সদস্য ও বিমানমন্ত্রী ফারুক খান, মইন উদ্দীন খান বাদল, মো. ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী, মো. মেজবাউদ্দীন ফরহাদ এবং মোছা. শেফালী মমতাজ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫১ ঘ.
bdnews24