২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সুন্দরবনের ক্ষতি’

সুন্দরবনের নিকটবর্তী এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে বনটি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের নিকটবর্তী এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে বনটি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ। রাজধানীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, “এমন উন্নয়নমূলক কাজ করা উচিত না যা আমাদের ক্ষতি করে। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে রয়েছে, এ অবস্থায় এ ধরনের বিদ্যুৎকেন্দ্র হলে তাতে ঝুঁকি আরো বাড়বে।” কয়লাকে মূল জ্বালানি ধরে আগামী ২০১৪ সালের পর সাতটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। এর অংশ হিসেবে সুন্দরবনের নিকটবর্তী মংলায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতের রাষ্ট্রায়াত্ত ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) সঙ্গে গত বছরের ৩০ অগাস্ট সমঝোতা স্মারক সই করে সরকার। এনটিপিসি এবং পিডিবির যৌথ উদ্যোগে এ কেন্দ্রের জন্য ইতোমধ্যে মংলা সমুদ্রবন্দরের কাছে প্রায় ১৯০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সুন্দরবনের ক্ষতির আশঙ্কায় এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ না করতে পরিবেশবিদদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আন্দোলন করছে। বিয়াম মিলনায়তনে বুধবারের কর্মশালায় মোজাফফর অবহেলা না করে সুন্দরবনকে সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মানবসৃষ্ট অনেক কাজের ফলে ম্যানগ্রোভ এ বনটির ধীরে ধীরে ধংস হচ্ছে। বন্য প্রাণিদের হত্যা করা হয়, এটা দুঃখজনক।” ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন: প্রেক্ষিত সুন্দরবন’ শিরোনামের এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে ভারত ও বাংলাদেশের দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থা যথাক্রমে সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট (সিএসই) ও কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)। সিএসই’র উপ-পরিচালক এবং জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রধান চন্দ্র ভূষণ বলেন, “ভারতের সুন্দরবনকে কখনো উন্নয়নের মূল পরিকল্পনার মধ্যে যুক্ত করা হয়নি যা এই অঞ্চলের ভূমি অব্যবস্থাপনার চিত্র দেখে বোঝা যায়।” “বিদ্যুতায়নের ক্ষেত্রে সৌর-শক্তির যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও জাতীয় গ্রিড থেকেই সুন্দরবনের আশপাশের অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে; যা আইলার মতো ঘূর্ণিঝড় হলে ধ্বংস হয়ে যাবে,” যোগ করেন তিনি। তিনি বলেন, গত ১০ বছরে ভারতের অংশে গড়ে সুন্দরবন অঞ্চলে পাঁচ বর্গকিলোমিটার জমি বিলীন হয়ে গেছে, পাশাপাশি এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রবণতা ২৬ শতাংশ বেড়েছে। সিডিপি’র নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম বলেন, সুন্দরবনকে রক্ষায় প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা ও পরিকল্পনা। কর্মশালায় বাংলাদেশ ও ভারতের ৩৫ জন গবেষক ও বিশেষজ্ঞ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৭৪৮ ঘ.