সুনামগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরমী কবি হাসন রাজার ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৫ জানুয়ারি সুনামগঞ্জে তিন দিনব্যাপী হাসনরাজা লোকউৎসব শুরু হচ্ছে।
হাসনরাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন দেওয়ান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদালয় সংলগ্ন বালুর মাঠে ৫ জানুয়ারি বিকালে উৎসব উদ্বোধন করবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মতিউর রহমান।
লেখক-কলামনিস্ট কামাল লোহানী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিন দিনের অনুষ্ঠানে বিভিন্ন পর্বে শিল্পী মোস্তফা জামান আব্বাসী, লেখক মুহম্মদ জাফর ইকবাল, সাংবাদিক সালেহ চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ওস্তাদ রাম কানাই দাস, ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ, নীপেন্দ্র লাল দাসের অংশ নেওয়ার কথা রয়েছে।
গান ও আলোচনা অনুষ্ঠান প্রতিদিন শুরু হবে বিকাল ৩টায়, তা চলবে রাত পর্যন্ত। বেসরকারি মোবাইল ফোন অপারেটিং কোম্পানি বাংলালিংক এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২৫ ঘ.
bdnews24