২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ছুরি মেরে পালালো ৩ আসামি

গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশকে ছুরি মেরে পালিয়েছে ৩ আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 03:13 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

গাইবান্ধা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশকে ছুরি মেরে পালিয়েছে ৩ আসামি। সোমবার রাত ১২টার দিকে ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামে সংঘটিত এই ঘটনায় গোয়েন্দা পুলিশের ওসি সুমিত কুমার কুণ্ডু, উপ-পরিদর্শক আলী আজম আহত হন। তাদের দুটি মোবাইল সেট এবং ৫০ হাজার টাকাও খোয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাল মুদ্রা তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ সদস্যরা। তবে ছুরি মেরে তারা পালিয়ে যায়। তিনি বলেন, মুদ্রা প্রতারণা দলের সদস্যদের গ্রেপ্তার করতে সাদা পোশাকে টিয়াগাছা গ্রামে যান গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য। দুই সোর্সকে ৫০ হাজার টাকা দিয়ে মুদ্রা কিনতে পাঠায় গোয়েন্দা পুলিশের দলটি। সোর্সরা ওই প্রতারক দলের কাছ থেকে ৮০টি রুপার মুদ্রার একটি প্যাকেট কেনে। ওই সময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুমিত কুমার কুণ্ডুসহ পাঁচ পুলিশ সদস্য ঘটনাস্থলে হাজির হয়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে। “কিন্তু প্রতারকরা ছুরি মেরে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। ৫০ হাজার টাকাও নিয়ে যায় তারা,” বলেন ওসি জলিল। আহত সুমিত কুণ্ডু ও আলী আজম গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরির্দশক আলী আজম মঙ্গলবার সাদুল্লাপুর থানায় একটি মামলাও করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২১০৭ ঘ.