২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাবমূর্তি উজ্জ্বল করেছি: হাসিনা

প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকার যে কোনো মূল্যে সন্ত্রাস ও সন্ত্রাসীদের উৎখাত করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকার যে কোনো মূল্যে সন্ত্রাস ও সন্ত্রাসীদের উৎখাত করতে চায়। “বিএনপি-জামায়াত চারদলীয় জোট বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও জঙ্গিরাষ্ট্র বানিয়েছিল” মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা ক্ষমতায় এসে বাংলাদেশকে বিশ্বের কাছে কাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছি।” আঞ্চলিক ও আর্ন্তজাতিক পরিসরে সন্ত্রাস দমনের মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি এবং কন্টেইনারে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ সনাক্তকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এ সরকারের আমলে চট্টগ্রামের উন্নয়নের জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম সবসময় আমদের হৃদয়ে রয়েছে।” আওয়ামী লীগ কৃষক-শ্রমিকসহ সব জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বন্দরের শ্রমিক-কর্মচারীদের ভাল-মন্দ দেখার দায়িত্ব বন্দরের। তিনি তাদের সব কাজে সহযোগিতা করার আহ্বানও জানান। তিনি বলেন, “কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেমস (সিটিএমএস) ও রেডিয়েশান ডিটেকশান সিস্টেম (আরডিএস) চালুর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর ডিজিটাল বন্দরে উন্নীত হয়েছে।” এছাড়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় আরডিএস পদ্ধতি চালুর মধ্য দিয়ে পণ্যের অবৈধ পরিবহন প্রতিরোধে বাস্তবায়িত ‘মেগা পোর্ট ইনিশিয়েটিভ’ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯০ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বন্দরের উন্নয়নের জন্য সরকার সবসময় আন্তরিক। বন্দর ব্যবহারকারীরা যাতে কোন ঝক্কি-ঝামেলার শিকার না হন এবং স্বচ্ছতার সাথে আমদানি-রপ্তানি করতে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। রেডিয়েশন ডিটেক্টর স্থাপনে আর্থিক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জলসীমায় জাহাজ ও নাবিকের জীবনরক্ষায় ‘গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম (জিএমডিএসএস) স্থাপনের কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, অভ্যন্তরীণ নৌ-রুটে জাহাজডুবি প্রতিরোধে উন্নতমানের যাত্রীফেরি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলামও বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরে আলম চৌধুরী লিটন, নৌসচিব আবদুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন। দুপুর আড়াইটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার থাকলেও তা শুরু হয় বিকাল ৪টা ১০ মিনিটে। নৌবাহিনীর অনুষ্ঠানের কারণে এ দেরি হয় বলে আয়োজকরা জানান। বিকাল ৪টা ৪০ মিনিটে শুরু করে ১০ মিনিট বক্তব্য দিয়ে সিটিএমএস ও আরডিএস পদ্ধতির উদ্বোধন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি পূর্ণাঙ্গভাবে চালু হল। এর আগে গত ১০ অক্টোবর বিজিএমইএ’র কন্টেইনারগুলো বাইরে রেখে পরীক্ষামূলকভাবে সিটিএমএস পদ্ধতি চালু হয়। এর আগে প্রধানমন্ত্রী সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০১০ ব্যাচের শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন। এই ব্যাচে মোট ৩২ জন মিডশিপম্যান কমিশন লাভ করে। এরপর প্রধানমন্ত্রী কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে ডাঙ্গারচরে নৌবাহিনীর নবগঠিত ‘সোয়াডস কমান্ড’-এর আওতায় বিএনএস নির্ভীক ঘাঁটির কমিশনিং ও নেভাল এভিয়েশন উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪১ ঘ.