২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবছার হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বাবার মামলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার হত্যার ঘটনায় তার বাবা মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার হত্যার ঘটনায় তার বাবা মামলা করেছেন। নিহতের বাবা আহমদ হোসেন মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে সাতকানিয়া থানায় এ মামলা করেন। সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, “গত নির্বাচনে নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ওসমান নামে এক প্রার্থীকে সমর্থন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ। কিন্তু নির্বাচনে জয়ী হন নুরুল আবছার।” “তবে এজাহারে বিষয়টি উল্লেখ করা হলেও কারো বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ করা হয়নি।” হত্যার তদন্ত শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা তথ্যপ্রমাণ সংগ্রহ করছি। খুব শিগগিরই খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত করা যাবে বলে আশা করছি।” গত রোববার গভীর রাতে পূর্ব নলুয়া মুন্সি বাড়ী এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নুরুল আবছার। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং উত্তর সাতকানিয়া এলাকার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন। পরদিন সকালে ইউপি চেয়ারম্যানকে হত্যার খবর এলাকায় ছড়িয়ে স্থানীয় লোকজন ও নিহতের ছাত্ররা এলাকায় বিক্ষোভ করে এবং চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে। বিকালে নিহতের জানাজায় অংশ নিতে গিয়ে গণপিটুনিতে আহত হন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মোনাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/পিডি/১৯৪৭ ঘ.