গাজীপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী দূষণের জন্য বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের পর এবার সরকারি একটি কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সরকারি এই প্রতিষ্ঠানটি হচ্ছে টঙ্গীর নিউ মেঘনা টেক্সটাইলস লিমিটেড। তুরাগ নদীতে দুষিত বর্জ্য ফেলায় মঙ্গলবার তাদের ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান চালিয়ে এই জরিমানা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে ইটিপি অর্ধ সমাপ্ত অবস্থায় ফেলে রেখে অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য নালার মাধ্যমে তুরাগ নদীতে ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেছে।
অভিযানের সময় কারখানার কর্মকর্তারা দাবি করেন, কারখানার নির্গত বর্জ্য নদীতে যাচ্ছে না, দুটি পুকুরে তা সংরক্ষণ করা হচ্ছে।
তবে পুকুরের পানি পরীক্ষা করে বর্জ্য পানি সংরক্ষণের কোনো নমুনা পায়নি পরিবেশ অধিদপ্তর। পরে কারখানার অন্য একটি স্থানে ঘন কালো বর্ণের দূষিত পানি নির্গমনের প্রমাণ পাওয়া যায়, যা তুরাগ নদীতে প্রবাহিত হচ্ছিলো বলে পরিবেশ অধিদপ্তর জানায়।
কারখানার পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং মহাব্যবস্থাপক দূষণের ঘটনা স্বীকার করে ১৫ দিনের মধ্যে ইটিপি স্থাপনের অঙ্গীকার করেছেন বলে পরিবেশ বিভাগ জানিয়েছে।
এর আগে গাজীপুরে পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণের দায়ে যত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে তার সব কটিই ছিলো বেসরকারি মালিকানার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৯৩১ ঘ.
bdnews24