নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালুবাহী ট্রলারে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথের বালুবাহী ট্রলার শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে।
সোমবার দুপুরে তারা বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে ট্রলার নিয়ে মহড়া দেয় এবং বিক্ষোভ করে। শনিবার থেকে বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন ধর্মঘট করছে।
এ ব্যাপারে আলোচনার জন্য মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বালুবাহী ট্রলার মালিক সমিতি, কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের বৈঠক ডাকা হয়েছে।
বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নদীপথে প্রায় দুই হাজার বালুবাহী কার্গো ট্রলার চলাচল করে।
মেঘনা সেতু থেকে মুক্তারপুর সেতু এবং নারায়ণগঞ্জের মোহনায় চর ইজারাদারদের লোকজন ও স্থানীয় সন্ত্রাসীরা বালুবাহী ট্রলারে চাঁদাবাজি করে।
শ্রমিকেরা চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন জাহাঙ্গীর আলম।
তিনি আরো বলেন, মঙ্গলবারের সভায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোস্টগার্ড, র্যাব, বিআইডব্লিউটিএ, সমুদ্র পরিবহন, বালুবাহী ট্রলার মালিক সমিতি, কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন ও চর ইজারাদাররা উপস্থিত থাকবেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন- সভায় ধর্মঘট নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন জাহাঙ্গীর আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১১৬ ঘ.
bdnews24