ফরিদপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লীতে বিক্রির সময় দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে এ অভিযানের সময় বাড়িওয়ালী (সর্দারণী) রীতা (৩০) ও বিক্রেতা নার্গিস বেগম ওরফে কল্পনাকে (২৮) গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া দুই শিশুর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ি থেকে রাগ করে মেয়ে দু’টি গত শুক্রবার লঞ্চে করে ঢাকার সদরঘাট চলে যায়।
সেখানে পাচারকারী নার্গিস বেগম ওরফে কল্পনার সঙ্গে তাদের পরিচয় হয়। কল্পনা মেলামাইন কারখানায় চাকরি দেওয়ার কথা বলে তাদের ফরিদপুর নিয়ে আসে।
রোববার রীতার কাছে ওই শিশুদের বিক্রি করতে গ্রেপ্তার হয়।
এ ব্যাপারে রীতা ও নার্গিস বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরিদপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24