শেরপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান রিপনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শেরপুর জেলা ও দায়রা জজ হুমায়ুন কবির রোববার এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট বিভাগ থেকে দুইমাসের অন্তর্বর্তী জামিনে থাকা এই চেয়ারম্যান হাইকোর্টের নির্দেশে সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। মোখলেছুর রহমান রিপন নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি।
মামলার নথি থেকে জানা যায়, নন্নী দক্ষিণ বাজারের অটোটেম্পো স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে গত ৬ অক্টোবর রাতে স্থানীয় বিএনপি সমর্থক উজ্জ্বল মিয়া ছাত্রলীগকর্মী ছানোয়ার হোসেনকে পাশের দোকানে ডেকে নিয়ে যান।
এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আঘাতে ছানোয়ার নিহত হন। এছাড়া তার দুই ভাইসহ আরো চারজন আহত হন।
এ ঘটানায় নিহতের ভাই মনোয়ার হোসেন উজ্জ্বল ইউপি চেয়ারম্যান রিপন, স্থানীয় জামায়াত নেতা মিজানুর রহমানসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৫৩ ঘ.
bdnews24